বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে মারধরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেনের বিরুদ্ধে সরজমিন তদন্ত সম্পন্ন করেছে জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী-অভিযুক্তের সাক্ষ্য গ্রহণ করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
গতকাল সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোডসংলগ্ন এলএসডি গোডাউন (কাঁঠালতলা)সংলগ্ন ঘটনাস্থলে যান তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় তিনি ভুক্তভোগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান এবং প্রত্যক্ষদর্শী মোল্লা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন। পরে শেখ মিজানুর রহমানের বাসভবনে যান তিনি। সেখানে মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
পরে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইউএনও মনোয়ার হোসেনের সাক্ষ্য গ্রহন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাসের বক্তব্য শোনেন। বুধবার বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাঁঠালতলা এলাকায় ইউএনওর গাড়ির সঙ্গে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ইউএনও উত্তেজিত হয়ে ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মারেন। পরে গালাগাল করে গাড়ির পেছনে উঠিয়ে কিছুক্ষণ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছেড়ে দেন।










