ময়মনসিংহে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে চেয়ারম্যানের ত্রান নিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চরআলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টেকিরচর গ্রামের হানিফ মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম  নাম মো. জুলমত আলী (৬০)।

এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হলে ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

গফরগাঁও নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রহমান জানান, শুনেছি ত্রান নিতে গিয়ে ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে তিনি মারা গেছেন তার কারণ অনুসন্ধানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ঘটনার কারণ বলা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা দুর্যোগে কর্মহীন দরিদ্রদের মাঝে চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুজ্জামান ওরফে ডলার মাসুদ ত্রান বিতরণ করতে গেলে বৃদ্ধ জুলমত আলী নিজেকে অসহায় দরিদ্র দাবি করে ত্রান চান। কিন্তু তালিকায় নাম না থাকায় চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাকে ধমক দিয়ে সরিয়ে দেয়। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা জাহাঙ্গীর ও শাহজালালসহ অন্যরা ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলেই জুলমত আলী মৃত্যুবরণ করেন।

তবে ঘটনার বিষয়ে চেয়ারম্যান মাসুদুজ্জামান ওরফে ডলার মাসুদ বলেন, ‘ত্রাণ দিয়ে চলে আসার পর শুনেছি একজন স্ট্রোক করে মারা গেছে। উনিও ত্রাণ পেয়েছেন।’ তবে ধমক ও ধাক্কার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘করোনার মধ্যে কেউ কি কারো গায়ে হাত দেয়?’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ‘শুনেছি একজন ত্রাণ নিতে গিয়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। আমি অসুস্থ থাকায় এ বিষয়ে আর কিছু জানতে পারিনি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী বলেন, মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইতিমধ্যে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।