গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণ বাস্তবায়ন কমিটি এ কর্মসূচি আয়োজন করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আমিনুল ইসলাম গোলাপ, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী, মো. ইলিয়াস হোসেন, আতোয়ার রহমান, তাজুল ইসলাম বকুল, হাফিজার রহমান, রেজাউল করিম, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, অ্যাডভোকেট ইমরান, অ্যাডভোকেট সালমান মাহমুদ নয়ন, মিজানুর রহমান মাস্টার, আব্দুল হালিম, নাদিম হোসেন, মো. ফরহাদ মিয়া ও জিন্নু মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলার সঙ্গে গাইবান্ধার মধ্যে সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ ব্যবস্থা একমাত্র টানেল নির্মাণের মাধ্যমেই সম্ভব। টানেল নির্মাণের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে জেলায় শিল্প কলকারখানা ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। টানেল নির্মাণকালে নদী শাসনের মাধ্যমে চরাঞ্চলে অনাবাদি জমি কৃষিজমিতে পরিণত হবে। বন্যার হাত থেকে এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে।
তারা আরো বলেন, টানেল নির্মাণের মাধ্যমে রংপুর বিভাগের আটটি জেলা লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাটসহ জামালপুর জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ ও পণ্য পরিবহন খরচ কমবে।










