জলবায়ু সুশাসন সিম্পোজিয়ামে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন কেবল বৈশ্বিক উষ্ণতা বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বর্তমানে প্রকট মানবিক ও সুশাসনের সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ সংকট জীবন-জীবিকা ও অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। উপকূলের মানুষকে সুরক্ষায় কেবল অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, বরং তৃণমূল পর্যায়ে জলবায়ু সুশাসন শক্তিশালী করতে স্থানীয় জনগণের সরাসরি অংশীদারিত্ব নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় পর্যায়ের নাগরিক সংগঠন ওয়েভ ফাউন্ডেশন জলবায়ু সুশাসন সিম্পোজিয়ামের আয়োজন করে। এতে বক্তারা এসব কথা বলেন।
‘স্থানীয় অংশীদারিত্ব উন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্যানেল আলোচনায় ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন অধিশাখা) শাহানারা ইয়াসমিন লিলি। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সোশাল রিসার্চের (সিএসআর) গবেষণা পরিচালক আহমেদ বোরহান। প্রকল্পের পরিচিত ও অর্জন তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী সূচনা এবং এতে সঞ্চালনা করেন সংগঠনটির উপ-পরিচালক কানিজ ফাতেমা। ওয়েভ ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট (ডাব্লিউআরআই) এর সহযোগিতায় দেশে তৃণমূল জনগণের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণের ক্ষেত্রে ‘স্ট্রেংদেনিং ক্লাইমেট গর্ভনেন্স উইথ গ্রাসরুটস পার্টিসিপেশন ইন বাংলাদেশ’ (এসসিজিজিপি) প্রকল্পটি বরিশাল বিভাগের পটুয়াখালী ও বরগুনা জেলার ৪টি উপজেলা ও ৩২ টি ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
আহমেদ বোরহানের প্রবন্ধ উপস্থাপনে উল্লেখ করা হয়, জনগণের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ায় ৮২ শতাংশ মানুষ উন্নয়ন প্রকল্পগুলোর সফলতা কম। ৭০ শতাংশ জনগণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত না থাকার ফলে তারা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।
এ ছাড়া ৭৫ শতাংশ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় জনগনের মতামত শোনা হয়না ফলে তাদের চাহিদা ও পরামর্শ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়না। ৬৮ শতাংশ ইউনিয়ন পরিষদে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই যা তাদের সিদ্ধান্তের প্রতি অবিশ্বাস তৈরি করে এবং ৮৫ শতাংশ ইউনিয়ন পরিষদের সিদ্ধান্তগ্রহণে জোন ভূমিকা রাখতে পারেনা, ফলে সিদ্ধান্তগুলো জনগনের প্রয়োজন ও আগ্রহের সাথে সঙ্গতিপূর্ণ হয়না। ৭৪ শতাংশ উন্নয়ন প্রকল্পগুলোতে নারীর অংশগ্রহণ যথাযথভাবে নিশ্চিত হয়না ফলে প্রকল্পগুলো পরিকল্পনা ও বাস্তবায়নে কম ভূমিকা রাখতে পারে। ৭৫ শতাংশ নারী এবং প্রান্তিক জনগণ তাদের মতামত ও চাহিদা ইউনিয়ন পরিষদে পৌঁছাতে পারেনা, যার ফলে তাদের প্রয়োজন সঠিকভাবে পূর্ণ হয়না।
শাহানারা ইয়াসমিন লিলি বলেন, উপকূলীয় অঞ্চল ও গ্রাম-গঞ্জে বিশুদ্ধ খাবার পানির অভাব দূর করতে সরকার তার আর্থিক সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তবে নাগরিক হিসেবে আমদেরও দায়বদ্ধতা আছে।
ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ভূমিকা না রাখলেও ভুক্তভোগীর ক্ষেত্রে আমাদের দেশ রয়েছে ৭ম অবস্থানে। যাদের দায় বেশি তারা দায় এড়িয়ে চলছেন। যতটুকু বাজেট রয়েছে তারও যথাযথ ব্যবহার হচ্ছেনা। পরিস্থিতি মোকাবেলায় অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হতে পারে ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বরাদ্দ বাজেট বাড়ানো এবং তার যথাযথ ব্যবহার।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শিলা রানী দাস, সিআরপিডির চিফ এক্সিকিউটিভ মো. শামছুদ্দোহা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (জলবায়ু পরিবর্তন) উম্মে সালমা সুমি, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক (গ্রিন ক্লাইমেট ফান্ড) নাহিদ সুলতানা উপস্থিত ছিলেন। সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্বে ‘জলবায়ু অভিবাসন ও ক্ষতিপূরণ ব্যবস্থা’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।










