ভোটের গোপনীয়তা রক্ষা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে পোস্টাল ব্যালট নিয়ে আবারো কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনোকিছু লিখে রাজনৈতিক প্রচার চালানোকে দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছে সংস্থাটি। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ অন্য আইনি ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানানো হয়েছে।
আজ রোববার (১১ জানুযারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে ইসির ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সব ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধুমাত্র আপনি সংগ্রহ করুন। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এবারই প্রথম প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।










