সর্বজনীন প্রস্তাব অনুযায়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ। গতকাল সকালে গাইবান্ধার ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান বক্তারা।

নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক মাজহারউল মান্নান, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোরশেদ হাসান দীপন, সদর উপজেলা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা প্রমুখ।

বক্তারা বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে গাইবান্ধা বরাবরই বঞ্চিত। গাইবান্ধা শহর একটি পকেট শহরে পরিণত হয়েছে। পাশের অন্যান্য জেলা শহরের তুলনায় গাইবান্ধা উন্নয়নের দিক থেকে পিছিয়ে। সাবেক জেলা প্রশাসক ড. আনোয়ারুল হক পলাশবাড়ীর উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। জেলা প্রশাসকের প্রস্তাবটি ছিল সর্বজনীন প্রস্তাবনা। কিন্তু দুঃখের বিষয় সেই প্রস্তাব ধামাচাপা দিয়ে একটি মহল তিন ফসলি জমিতে ইপিজেড করার চক্রান্তে লিপ্ত হয়েছে। সাঁকোয়া ব্রিজসংলগ্ন এলাকায় ইপিজেড হলে রাজপথ, রেলপথ, নৌপথ ও হেলিপ্যাডের বিদ্যমান সুবিধা পাওয়া যাবে। তার পরও তিন ফসলি জমিতে কোনো স্থাপনা করা যাবে না বলে প্রধানমন্ত্রীর ঘোষণা রয়েছে।

এছাড়া গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র টানেল নির্মাণ, শহরের যানজট নিরসন ও সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি জানান বক্তারা।