কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোসাইয়ের ভিটা থেকে প্রায় ২০০ বছরের প্রাচীন একটি গোমূর্তি উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরের দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতী গোসাইর ভিটার প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তুপ থেকে এটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, শুক্রবার প্রভাষ, শ্রীধর,পরিমলসহ কয়েকজন গোসাইর ভিটার প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তুপ থেকে পোড়া ইট ও পাথর সংগ্রহ করতে গিয়ে ইট-পাথরের নীচে মূর্তিটির সন্ধান পান। পরে তারা সেটি উদ্ধার করে সুখাতী গোসাইর ভিটা গ্রামের প্রভাষের বাড়িতে সংরক্ষণ করেন। মূর্তিটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে কষ্টিপাথর সদৃশ্য গো-মূর্তিটি দেখতে মানুষজন ভিড় জমায়।

এ ব্যাপারে ওই এলাকার বৃদ্ধা চঞ্চলা বালা বলেন, আমরা শুনেছি প্রায় ২০০ বছর পূর্বে গোসাইর ভিটায় গোসাই নামে এক জমিদারের বাড়ি ছিল। তারই নামে ওই গ্রামের নামকরণ করা হয় গোসাইর ভিটা। এটি ওই পুরনো বাড়ির মূর্তি বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে আজ শনিবার বিকেলে মূর্তিটি প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে পুলিশ। 

এ ব্যাপারে নাগেশ্বরী থানার সহকারী পরিদর্শক (এসআই) শহিদুল হক বলেন, খবর পেয়ে প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে। এখন প্রাচীন এই মূর্তিটি সংরক্ষণের জন্য সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।