বরিশালের বাকেরগঞ্জে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সকালে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়ার হিরাধর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত শেফালী আক্তার (৫৫) ওই গ্রামের বাসিন্দা দিনমজুর করম আলী সিকদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, মৃত শেফালী আক্তার ও তার পরিবার বিভিন্ন জায়গা থেকে বেশকিছু টাকা ঋণ নিয়েছিলে, যা কিস্তিতে পরিশোধ করে আসছিল। তবে সম্প্রতি তাদের পরিবারে অভাব-অনটন দেখা দিলে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল শেফালী এবং যথাসময়ে কিস্তি দিতে পারছিল না।

তিনি জানান, গতকাল কাউকে কিস্তির টাকা দেয়ার কথা দিয়েছিল, কিন্তু সে অনুযায়ী টাকা জোগাড় করতে পারেনি। পরিবারের ধারণা কিস্তির টাকা দিতে পারবে না, এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।