দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’- এ শ্লোগান সামনে রেখে বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার এ সব কথা বলেন। রোববার (১২ অক্টোকর) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী আয়োজিত আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় দুদক কমিশনার বলেন, নিজেদের ঘর থেকে নিজেদের শুধরাতে হবে। সমাজে দুর্নীতিমুক্ত পরিবেশ গঠন করতে ব্যক্তি লোভ-লালসা পরিহার করতে হবে। একই সঙ্গে অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদানের সময় দুর্নীতিবিরোধী বক্তব্য দিতে হবে।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে গণশুনানিতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, বরগুনার পুলিশ সুপার মো. আল মামুন শিকদার এবং দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার বক্তব্য দেন।

গণশুনানিতে ১৮টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩টি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। দুইজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং তিনজন কর্মকর্তাকে বদলীর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়। বাকী অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে।