রাজশাহীর পুঠিয়ায় ভেজাল ও নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকায় এই অভিযান চালানো হয়।

ওই সময় গ্রেফতার করা হয় কারখানা মালিক মমিনুল ইসলামকে (২৯)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার নহির উদ্দিনের ছেলে।
এ অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল প্রসাধনী, মোড়ক, প্রসাধনী তৈরীর উপকরণ ও কারখানার মেশিনপত্র জব্দ করে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পুঠিয়ার প্রত্যন্ত ওই গ্রামের বাসা বাড়িতে নকল ও ভেজাল প্রসাধনী কারখানা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর সেখানে অভিযান চালায় পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালান গোয়েন্দা শাখার পরিদর্শক আতিকুর রহমান।

বিশেষ এই অভিযানে কারখানাটি থেকে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিপুল পরিমাণে ক্রিম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকারক উপকরণ উদ্ধার হয়।

এই কাণ্ডে গ্রেফতার মমিনুল ইসলাম পুলিশে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে লতা হারবাল কোম্পানির নাম ব্যবহার করে নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।