বন্যা-পরবর্তী পুনর্বাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে গতকাল সকালে অ্যাকশনএইড বাংলাদেশ, খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও প্রান্তজনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ক্যাবের সমন্বয়কারী রণজিৎ দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রানের নির্বাহী পরিচালক রফিকুল আলম, র্যাকের নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, এনভিএসের নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজসেবক মশিউর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলার কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ কৃষক। এ কৃষকের ক্ষতি থেকে সামলে উঠতে সরকারি পুনর্বাসন কার্যক্রমে সবার আগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে অগ্রাধিকার দিতে হবে। এরই মধ্যে বন্যাক্রান্ত এলাকাগুলোয় পানি নেমে গেছে। এখনই কৃষকের মধ্যে আমন ও বোরো বীজ, বাড়ি ও বাগানের জন্য গাছের চারা বিতরণ, আসন্ন রবি মৌসুমের জন্য সরিষা প্রদান করতে হবে। এছাড়া ভুট্টা, বাদাম ও সবজি চারা-বীজ এবং জমি প্রস্তুত, শ্রমিক নিয়োগ, সার ও সেচের জন্য নগদ অর্থ প্রণোদনার দাবি জানানো হয়েছে।