জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের বাজারজাতকরণ বন্ধ করে পণ্যটি নিষিদ্ধের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিকোটিন পাউচের মান নির্ধারণে টোব্যাকো অ্যান্ড টোব্যাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটি গঠন করেছে। তবে এ কমিটিতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) ও তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিত্ব না থাকলেও তামাক কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন। তাদের দাবি, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ৫.৩ অনুচ্ছেদের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকোটিন পাউচে তামাকপাতা না থাকলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা তীব্র আসক্তি তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এসব পণ্যের সবচেয়ে বড় ভোক্তা হয়ে উঠছে কিশোর ও তরুণরা। সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও রাশিয়াসহ অন্তত ১৬টি দেশ নিকোটিন পাউচ নিষিদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিকোটিন পাউচ নিষিদ্ধের প্রস্তাব দিলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা অন্তর্ভুক্ত হয়নি। এখন পণ্যটি বাজারজাতের উদ্যোগ নেয়া হচ্ছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিকোটিন পাউচ নিষিদ্ধ করা প্রয়োজন।