জেলার টঙ্গীতে বাসচাপায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক রামকৃষ্ণ সাহাসহ দুজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সেখানে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন ওই এলাকা দিয়ে চলাচলকারী শত শত যাত্রী। 

কর্মসূচি সঞ্চালনা করেন ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। 

বক্তারা বলেন, রামকৃষ্ণ সাহার মতো একজন মেধাবী শিক্ষকের অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় তথা দেশের অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ কখনো সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের টঙ্গীতে প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসচাপায় রামকৃষ্ণ সাহা ও পাঠাও চালক দিদার আদেল দীপু মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।