প্রবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রমের আওতায় ১৪টি দেশের ৫৪ হাজার ৪৭৭ জন প্রবাসী এনআইডি পেয়েছেন। এর মধ্যে ২৮ হাজারের বেশি এনআইডির স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশগুলোয় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এনআইডি অনুবিভাগের আগস্টে তৈরি সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক নেয়া হয়েছে। এখনো ৩৭ হাজারের বেশি আবেদনের বায়োমেট্রিক নেয়া বাকি রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রেজিস্ট্রেশন অফিসারের তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৩ হাজার ৫৩৬টি আবেদন। তদন্ত সম্পন্ন হওয়ার পর ৫৪ হাজার ৪৭৭টি এনআইডি অনুমোদন হয়েছে। অন্যদিকে তদন্ত সম্পন্ন হওয়ার পর ২৬ হাজার ৫৯৫টি আবেদন বাতিল হয়েছে।
বিদেশে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটির আবুধাবি ও দুবাই স্টেশনে মোট ২৪ হাজার ৮২৫টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটির ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে ১৮ হাজার ৬২১টি আবেদন পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস স্টেশনে ১৮ হাজার ৪৭২টি আবেদন পাওয়া গেছে। ইতালি থেকে প্রায় সাড়ে ৯ হাজার, সৌদি আরব থেকে প্রায় ৭ হাজার এবং কুয়েত থেকে ৫ হাজার ৯২১টি আবেদন জমা পড়েছে। কাতার থেকে পাওয়া গেছে ৪ হাজার ৮২৯টি আবেদন।
এছাড়া মালয়েশিয়া থেকে ২ হাজারের বেশি, কানাডার অটোয়া ও টরন্টো স্টেশনে ৩ হাজার ৭৯৪টি এবং ওমানের মাস্কাট স্টেশনে ২ হাজার ৫৭৩টি আবেদন এসেছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি স্টেশনে পাওয়া গেছে ১ হাজার ৪৫৯টি আবেদন।
জাপানের টোকিও স্টেশনে ৩৬৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জনের বায়োমেট্রিক নেয়া হয়েছে। মালদ্বীপের মালে স্টেশনে আবেদন এসেছে ৩২৮টি। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া স্টেশনে সবচেয়ে কম ১৩৯টি আবেদন পাওয়া গেছে।










