বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির লক্ষ্য সাধারণ মানুষের মন জয় করে আগামী নির্বাচনে জয়লাভ করা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, আগামী নির্বাচনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এ সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, এ নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে মানুষের ঘরে ঘরে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। নতুন জেনারেশনের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা-বোন যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে আমরা এ দলকে একত্রিত করবো, একত্রিত রাখবো।
রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী।










