প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে জার্মান রাষ্ট্রদূত দেশের প্রধান বিচারপতি কর্তৃক দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগ এবং সেগুলো বাস্তবায়নের প্রশংসা করেন। বিশেষ করে প্রধান বিচারপতির প্রচেষ্টায় বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশংসা করেন তিনি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে।

এ ছাড়া দেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অবহিত করেন রাষ্ট্রদূত।

প্রধান বিচারপতি জার্মান রাষ্ট্রদূতকে বিপ্লবোত্তর দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন বলে অবহিত করেন এবং উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে সে দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পারিক মিথস্ক্রিয়া বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।