দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় ঝালকাঠি, নওগাঁ, চট্টগ্রাম, নড়াইল, মুন্সিগঞ্জ, নেত্রকোনায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঝালকাঠি: জেলার নলছিটিতে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত ইজিবাইকে থ্রি-হুইলারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্টসংলগ্ন বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, থ্রি-হুইলারটি তাদের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁ: সাপাহারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক ও মহাদেবপুরে ডাম্প ট্রাকের নিচে চাপা পড়ে সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদ্রাসাপাড়া এলাকার সায়েম আলীর ছেলে ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৫)।

সাপাহার থানা পুলিশ জানায়, ফরহাদ ও তার দুই বন্ধু মিলে গতকাল জবই বিল দেখতে যাচ্ছিলেন। উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ফরহাদ মারা যান। মোটরসাইকেলে থাকা রিফাত ও শিশির আহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, গতকাল মহাদেবপুরে কাজ শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন আতোয়ার হোসেন। নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চট্টগ্রাম: পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক নারী। গতকাল দুপুর ১২টার দিকে কুসুমপুরা মনসা হাসপাতাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইয়াছিন (৪০) পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা। আহত নারীর নাম শিরিন আক্তার (৩০)। তিনি নিহত ইয়াছিনের আত্মীয়।

নড়াইল: পাওয়ার টালারের ধাক্কায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার বড়গাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন বড়গাতি গ্রামের রমজান শেখের ছেলে।

মুন্সিগঞ্জ: গজারিয়ায় গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূঁইয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের কাসেম ভূঁইয়ার ছেলে। কুমিল্লা থেকে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।

নেত্রকোনা: কলমাকান্দায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।