পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের খাদ্যশস্য উৎপাদনের যে তথ্য দেয়, তা সঠিক নয়। তিনি বলেন, দেশে যেসব প্রকল্প নেয়া হয়, সেগুলো জনগণের জন্য নয়। বরং প্রকল্প কর্মকর্তা ও অন্য ব্যক্তিদের উদ্দেশ্য বাস্তবায়নে নেয়া হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে ‘পার্সপেক্টিভ অন দ্য এগ্রিফুড সিস্টেম ইন বাংলাদেশ’ র্শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস।
এস এম শাকিল আখতার বলেন, খাদ্যশস্য উৎপাদন নিয়ে বিবিএস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য দেয়, তা বাস্তবতার সঙ্গে মেলে না। দুটি প্রতিষ্ঠানের জরিপ ও তথ্য বিশ্লেষণে সমন্বয় নেই। বিবিএসের হিসাব অনুযায়ী, উৎপাদন যথেষ্ট হলে আমদানির প্রয়োজন হওয়ার কথা নয়; কিন্তু বাস্তবে আমদানি বাড়ছে। এ অবস্থায় উৎপাদনের সরকারি তথ্য কতটা নির্ভরযোগ্য—সেটি প্রশ্নবিদ্ধ।
সচিব জানান, দেশে প্রকল্প গ্রহণে গোষ্ঠী স্বার্থের প্রভাব রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে শতাধিক প্রকল্প চলমান থাকলেও কৃষকের সরাসরি উপকারে আসে এমন প্রকল্পের সংখ্যা খুবই কম। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক। কিন্তু তাদের উন্নতির জন্য কত প্রকল্প নেয়া হয়? প্রকল্পগুলো মূলত প্রকল্প পরিচালক ও অন্যান্য মানুষের উদ্দেশ্য পূরণেই বেশি ব্যবহৃত হচ্ছে।
তিনি আরো বলেন, কৃষিবিদ ইনস্টিটিউটশন অব বাংলাদেশ যখন করা হয়, সে সময়ের কথা মনে করাতে চাই। এর ব্যয় ছিল ৭২ কোটি টাকা। প্রথমে ৫৬ থেকে ৫৭ কোটি টাকা ছিল, পরে সেটিকে ৭২ কোটি করা হয়। তৃতীয় দফায় এর ব্যয় ১০৩ কোটি করা হয়। ব্যাখ্যা ছিল ভেতরের ফিটিংসের জিনিস ফ্রান্স থেকে নিয়ে আসবে। কিন্তু একটিও আনা হয়নি।
প্রকল্পে দুর্নীতির প্রসঙ্গ তুলে পরিকল্পনা সচিব বলেন, একটি প্রকল্পে আড়াইশ কোটি টাকা খরচ হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। বলা হয়েছে যারা এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ব্যবস্থা নেয়া হয়নি, আর হবে না।
উন্নয়ন ব্যয়ের প্রসঙ্গে সচিব বলেন, দেশের উন্নয়ন বাজেট প্রায় তিন লাখ কোটি টাকা হলেও দুর্বল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যয় খুবই সামান্য। তিনি বলেন, আমরা প্রকল্প নিচ্ছি, আমরা গাড়ি কিনছি, ভবন বানাচ্ছি, আবাসন করছি, রাস্তা তৈরি করছি—কিন্তু সাধারণ মানুষের উন্নয়নে ব্যয় খুবই কম।










