অস্ট্রেলিয়ায় চলমান টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথমদিনের মতো দ্বিতীয় দিনও ঘটল বড় অঘটন। হোবার্টের বেলেরিভ ওভালে গতকাল ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে চমক দেখাল স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের সঙ্গে প্রথম সাক্ষাতেই তাদের হারানোর কৃতিত্ব দেখাল স্কটিশরা। কাল গ্রুপের আরেক ম্যাচে সিকান্দার রাজার রাজসিক ইনিংসে ভর করে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
এ যেন শ্রীলংকা-নামিবিয়া ম্যাচেরই পুনরাবৃত্তি। শ্রীলংকার মতো কাল টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। এই সিদ্ধান্তটাই আত্মঘাতী প্রমাণ হলো। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬০ রান তোলে স্কটল্যান্ড। দলটির ওপেনার জর্জ মুনসে ৫৩ বলে ৯ বাউন্ডারির সাহায্যে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। মাইকেল জোনসকে নিয়ে পাওয়ার প্লের ৬ ওভার থেকেই তুলে নেন ৫৪ রান। এরপর আর পেছনে তাকাতে হয়নি ইউরোপের দলটিকে। ক্যালাম ম্যাকলিওড ২৩ ও মাইকেল জোনস ২০ রান করেন। জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে তারকাখচিত ওয়েস্ট ইন্ডিজ যেন পথ হারানো এক দল। ১১ ব্যাটারের মধ্যে মাত্র চারজন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ৩৮ রান করেছেন হোল্ডার। এছাড়া কাইল মায়ার্স ২০ রান করেন। স্পিন দিয়েই ক্যারিবিয়ানদের ঘায়েল করে স্কটিশরা। মার্ক ওয়াট (৩/১২), ব্র্যাড হুইল (২/৩২) ও মাইকেল লিয়াস্ক (২/১৫) ঘূর্ণিতে বিভ্রান্ত করেন ব্যাটিং শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে। ২০১২ ও ২০১৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৮.৩ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা হয়েছেন মুনসে।
পরাজয় শেষে বিমর্ষ ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক নিকোলাস পুরান বললেন, এই হার মেনে নেয়া সত্যিই কঠিন। অবশ্যই আমরা হতাশ। এখন পরের দুই ম্যাচ জিততে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের প্রত্যেককেই কাঁধে দায়িত্ব নিতে হবে। এই হারের হতাশা ভুলে নিজেদের জাগিয়ে তুলতে হবে।
স্কটিশ দলনায়ক রিচার্ড বেরিংটন ঐতিহাসিক জয় তুলে নেয়ার পর বলেন, এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ এক জয়। আমরা অনেক পরিশ্রম করেছি, যা আমাদের মধ্যে ভালো কিছু করার বিশ্বাস এনে দেয়। আমরা খুব বেশি টি২০ খেলিনি, খেলেছি ওয়ানডে ম্যাচ। ৫০ ওভারের ফর্মই আমরা টি২০তে রূপান্তর করতে পেরেছি।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ রাউন্ডে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ছাড়া আর কাউকেই হারাতে পারেনি তারা। সেই ব্যর্থতায় তাদের এবার খেলতে হচ্ছে প্রথম রাউন্ড। যদিও সাম্প্রতিক ফর্মও ভালো যাচ্ছে না। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে হেরেছে পুরানের দল। হারের বৃত্তেই থাকল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্যারিবিয়ানদের জন্য অনুপ্রেরণা হতে পারে ২০১৬ আসর। সেবার আফগানিস্তানের কাছে হেরেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ড্যারেন স্যামির দল। ফাইনালে টানা চার ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় শিরোপার স্বাদ দিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট।
কাল একই মাঠে সিকান্দার রাজার কাছে হেরেছে আইরিশরা। ৩৭ রানে তিন উইকেট পতন ঘটে জিম্বাবুয়ের। দলের বিপদে হাল ধরা রাজা ৪৮ বলে ৮২ রানের টর্নেডো ইনিংস খেলে ৭ উইকেটে ১৭৪ রানের স্কোর এনে দেন। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান তুলতে পেরেছে আইরিশরা। বল হাতেও অবদান রাখেন রাজা। ২২ রানে ১ উইকেট নেন তিনি। বিপজ্জনক হয়ে ওঠা আইরিশ ব্যাটার জর্জ ডকরেলকে বোল্ড করে জিম্বাবুয়ের জয় ত্বরান্বিত করেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ৩৬ বছর বয়সী সিকান্দার রাজা।
ব্লেসিং মুজারাবানি ২৩ রানে তিনটি এবং তেন্দাই চাতারা ও রিচার্ড এনগারাভা উভয়ই সমান ২২ রান দিয়ে দুটি করে উইকেট নেন।
আইরিশরা গত টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচে হেরেছে নামিবিয়ার কাছে। আরেকটি আসর শুরু করল তারা আরেকটি আফ্রিকান দলের কাছে হেরে। আর প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে গত বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ে দারুণভাবে ফিরল বৈশ্বিক আসরে।
জয় শেষে ম্যাচসেরা সিকান্দার রাজা বলেন, শনকে (উইলিয়ামস) আমি শুধু এটুকু বলেছি, আমরা চেষ্টা করব দলকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে। আমি স্রেফ ব্যাট করতে চেয়েছি। আমি কোনো আবেগের কাছে হার মানতে চাইনি। আমরা শুধুই অংশগ্রহণের লক্ষ্যে এখানে আসিনি, আমরা সুপার টুয়েলভ পর্বে যেতে চাই, যেখানে বড় অনেক দলের বিপক্ষে খেলার সুযোগ আসবে।
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, আর স্কটল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। পরের ম্যাচ নিয়ে রাজা বলেন, ৪৮ ঘণ্টা পর ক্যারিবিয়ান ছেলেদের বিপক্ষে কঠিন ম্যাচ আমাদের। আমরা এখন ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছি।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে আজ সকালে নামিবিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস, বিকালের ম্যাচে শ্রীলংকা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আট দলের প্রথম রাউন্ড শেষে শুরু হবে সুপার টুয়েলভ রাউন্ডের রোমাঞ্চ। যেখানে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘ওয়ান’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল। আর ‘টু’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ডের বৈতরণী পার হয়ে আসা দুটি দল।










