রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকার শামুকখোল পাখির আবাসস্থল ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এম্বাসির ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যাডভাইজর ক্রেইগ ফুলস্টোন।

গতকাল দুপুরে তিনি হাসপাতালের বহির্বিভাগের সামনে পাখির আবাসস্থল ঘুরে দেখেন। তিনি এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের আবাসন দেখতেই এসেছিলেন বলে জানা গেছে।

এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনসংরক্ষক মোল্যা রেজাউল করিম, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিল্লুর রহমান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর রামেক হাসপাতালের বহির্বিভাগের সামনের গাছ কেটে নেয়ায় অন্তত ৮০টি শামুকখোল পাখির ছানা মারা যায়। ওই সময় বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন পাখি রক্ষায় এগিয়ে আসে।

এ নিয়ে মামলাও করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এর আগেও গাছ কেটে হাসপাতাল এলাকা থেকে শামুকখোল  পাখি তাড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু মামলার পর সুরক্ষিত হয় পাখির আবাস। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনসংরক্ষক মোল্যা রেজাউল করিম।