অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র স্রোতে একাধিক সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। নদীভাঙনে ফসলি জমিতে বালু জমেছে, ভেসে গেছে শতাধিক মাছের পুকুর এবং আমনের বীজতলা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার বিকাল ৩টা পর্যন্ত কলমাকান্দা সদর ডাকবাংলো পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপৎসীমার দশমিক ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

স্থানীয়রা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের নলছাপ্রা বাজার–বালুচড়া উচ্চ বিদ্যালয় সড়ক। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সড়কের প্রায় ১০০ ফুট অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী, শিক্ষক, কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 

লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া জানান, ইউনিয়নের একাধিক সড়ক ভেঙে গেছে। সীমান্তবর্তী চেংনী নদীর ভাঙনে প্রায় ৫০ একর ফসলি জমিতে বালু জমেছে। পাশাপাশি শতাধিক মাছের পুকুর ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক বলেন, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ে যাতায়াতের সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন কাঁচা ও পাকা সড়কে গর্ত সৃষ্টি হয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জেলার অন্য নদীগুলোর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে। দুর্গাপুরে সোমেশ্বরী নদী, পূর্বধলার জারিয়া পয়েন্টে কংশ নদী, খালিয়াজুরির কংশ নদী এবং জেলা সদরের মগড়া নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান,কলমাকান্দা  উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি কলমাকান্দা সদর ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার দশমিক ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে নতুন করে প্লাবন ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষায় পাহাড়ি ঢলে দুর্ভোগ হলেও এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।