ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সংঘর্ষ শুরু হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষের পর কলেজের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদলের অভিযোগ, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় তাদের কয়েকজন নেতাকর্মী সাজসজ্জার কাজ করছিলেন। এ সময় পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদল নেতাকর্মী এসে তাদের ওপর হামলা চালান।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।