বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুতের কাজ করার সময় খুঁটির নিচে চাপা পড়ে আশিক হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে উপজেলার মুরাইল ইউনিয়নের শিমুলিয়া আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি নওগাঁ জেলার মান্দাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কাহালুর শিমুলিয়া আকন্দপাড়ায় গ্রামে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় আশিক হোসেন খুঁটির নিচে পড়েন। এ সময় স্থানীয় লোকজনসহ তার সহযোগীরা আশিক হোসেনকে উদ্ধার করে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহালু পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ুব আলী বলেন, ঠিকাদারের লোকজন ওই গ্রামে খুঁটি স্থাপনের বিষয়ে অফিসে কাউকে জানায়নি। তবে খুঁটির নিচে চাপা পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।










