মানিকগঞ্জের সিংগাইরে ঘন কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। নিহত শাহ আলম (২৫) ইজিবাইকটির চালক ছিলেন, তার বাড়ি সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের কিটিংচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাস বিপরীতগামী ইজিবাইকের মধ্য সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার পাশের গভীর খাদে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহ আলম নিহত হন। আহত হন আরো অন্তত ২০ জন। এদের মধ্যে চারজন ইজিবাইকের যাত্রী, আর ১৬ জন বাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। গভীর খাদে পড়ে যাওয়ায় বাসটিকে বেলা ১১টা পর্যন্ত তোলা সম্ভব হয়নি। তবে বাসের ভেতর কোন হতাহত যাত্রী নেই বলে জানান ওসি।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে নয়াকান্দি এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী আহত হয়।