ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে চারদিনে জাতীয় পার্টির ২৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আজ জাতীয় পার্টির পাঁচটি আপিল আবেদন মঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ২৬ জন প্রার্থিতা ফিরে পেলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান। নামে-বেনামে বিভিন্ন অনিয়ন্ত্রিত সংগঠন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। হীন-উদ্দেশ্যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পরিকল্পনা করছে। এভাবে চলতে থাকলে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে।

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না, তা একান্তই দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এ সিদ্ধান্ত দিতে পারে না।