অবশেষে বন্ধ হলো অনুমোদনহীন ফেনী বাণিজ্য মেলা। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা মাঠে আয়োজিত বাণিজ্য মেলা বন্ধ করতে বলা হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়াই নিয়মের তোয়াক্কা না করে এ মেলা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মেলা স্থলে গিয়ে দেখা যায়, মেলার প্রবেশদ্বার টিন দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। মেলার আয়োজনকারী সংস্থা মুক্তিযোদ্ধা হেল্প ফাউন্ডেশনের পরিচালক ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, জেলা প্রশাসন থেকে এসএসসি পরীক্ষা ও রমজানের পর মেলা আয়োজন করতে নির্দেশ দেয়া হয়েছে। তাই মেলাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, বন্ধের নির্দেশ পেয়ে তল্পিতল্পা গুটিয়ে মাঠ ছেড়ে গেছেন অংশগ্রহণকারী স্টলের ব্যবসায়ীরা। মেলার অবকাঠামো রয়ে গেছে, বাকি সব ফাঁকা পড়ে আছে। মেলায় কাজ করা এক শ্রমিক জানান, এসএসসি পরীক্ষার জন্য মেলা বন্ধ করা হয়েছে। ঈদের পর আবার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি ছাড়াই গত এক মাস ধরে ফেনী ওয়াপদা মাঠে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের কাছে ফেনী চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ওয়াপদা মাঠে মেলা আয়োজনের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু আবেদন কিংবা অনুমোদন দেয়ার আগেই প্রকাশ্যে কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। জনশ্রুতি রয়েছে, প্রতি বছর এ মেলার পেছনে বড় অংকের অর্থের হাতবদল হয়ে থাকে।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবীর শামীম বলেন, আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসএসসি পরীক্ষার আগে মেলা আয়োজনের ব্যাপারে আপত্তি উঠেছিল। তাই পরীক্ষার কথা বিবেচনা করে মেলাটি পেছানো হয়েছে। ঈদের দিনই মেলা শুরু করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, অনুমতির আগেই মেলার কার্যক্রম শুরু করা হয়েছে-এমন অভিযোগ পেয়েই আয়োজককারী কর্তৃপক্ষকে মেলা বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত সোমবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফেনীতে অনুমোদনহীনভাবে মেলার আয়োজন নিয়ে আলোচনা করা হয়েছিল। সভায় এসএসসি পরীক্ষা ও আসন্ন রমজান মাসে পবিত্রতা রক্ষায় মেলার অনুমোদনের বিষয়টি পেন্ডিং রাখা হয়েছিল।