উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি অক্টোবরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করেছে সংস্থাটি।
বুধবার চলতি মাসের জন্য নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এদিন রাত ১২টায় নতুন দর কার্যকর হবে।
সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সে হিসাবে এক মাসে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩ শতাংশ। আর দেশী ও বিদেশী এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার। এ দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১.০৭৭০ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ০.১১১২ ডলার বা প্রায় ১০.৩ শতাংশ।
নতুন দাম ঘোষণা করে বিইআরসি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেট এ-১-এর প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট নিষ্পত্তিতে বিবেচিত মার্কিন ডলারের বিনিময় হার এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় উপাদানের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, অক্টোবরের দাম চূড়ান্ত করার আগে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর দাম, বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পর্যালোচনা করা হয়েছে। বিইআরসির আদেশ অনুযায়ী, সংশোধিত দাম মধ্যরাত থেকে কার্যকর হবে।
টানা কয়েক দফা কমার পর অগাস্ট থেকে আবার বাড়তে শুরু করে জেট ফুয়েলের দাম। জুলাইয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছিল। অগাস্টে সেই দাম ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়। সেপ্টেম্বরে আরো ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে করা হয় ১৬৫ টাকা ৬৫ পয়সা। আর অক্টোবরে ১৭ টাকা ৬ পয়সা বাড়ায় জুলাইয়ের ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে দাম এখন ১৮২ টাকা ৭১ পয়সায় উঠল। অর্থাৎ তিন মাসে প্রতি লিটারে দাম বেড়েছে ৫১ টাকা ৭২ পয়সা।










