রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। ‘সি’ ইউনিট তথা বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে বুধবার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। এছাড়া তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হবে।
এদিকে মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।









