মুন্সিগঞ্জের লৌহজংয়ে সড়ক ও নদীপথ বন্ধ করে নতুন সেতু নির্মাণ চলছে। তবে চলাচলের জন্য বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলরত যাত্রীরা। সেতুর প্রকল্পে বিকল্প সড়ক না রাখার বিষয়ে এলজিইডিকে দায়ী করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এলজিইডি বলছে, স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে বিকল্প সড়ক রাখা হয়নি। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান।

প্রকল্প সূত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া কুসুমপুর সড়কে পোড়াগঙ্গা খালে সেতুটি নির্মাণ করা হচ্ছে। ৪ কোটি ১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ করছে নায়েব আলী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের নভেম্বরে কাজ শুরু হওয়ার কথা ছিল। পাঁচ মাস বিলম্বে চলতি মাসে শুরু হয়েছে প্রকল্পের কাজ যা শেষ হওয়ার কথা আগামী বছরের মার্চে।

সরজমিনে দেখা গেছে, খাল বন্ধ করে দড়ি টেনে পাইলিং বসানোর কাজ চলছে। সামান্য মাটি কেটে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও তা একেবারেই অপর্যাপ্ত। খাল দিয়ে নৌকা বা ট্রলার চলাচলের স্বাভাবিক কোনো পরিস্থিতি নেই। মানুষের চলাচলের জন্য পাশে বাঁশের অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। কিন্তু বিকল্প কোনো সড়ক না থাকায় এবং নদীপথেও পর্যাপ্ত পানি না থাকায় ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

তবে লৌহজং উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ইয়াসিন আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘প্রকল্পটি গ্রহণ করার সময় উপজেলা মিটিংয়ে আমরা বিকল্প সড়কের প্রস্তাব রেখেছিলাম। কিন্তু স্থানীয় বৌলতলী ইউপি চেয়ারম্যানের আপত্তির কারণে বিকল্প সড়ক রাখা হয়নি।’