কুড়িগ্রামের উলিপুরে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে লকডাউনে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কিছু ব্যবসায়ী।
গতকাল দুপুরে কাপড় ও জুতা ব্যবসায়ীরা উপজেলা শহরের বড় মসজিদ মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীরা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন কাপড়-জুতার দোকানের মালিক ও কর্মচারীরা। কোরবানির ঈদ সামনে রেখে তাদের বেচাকেনা থাকলে কর্মচারীদের বেতন ও নিজেদের কিছুটা উপকার হবে বলে তারা দোকানপাট খোলার দাবিতে এ মানববন্ধন করেন।
এ সময় খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উলিপুর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ইউএনও নুরে জান্নাত রুমি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঈদ সামনে রেখে কিছু ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন।









