রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ছোটকাগজের চিহ্নমেলা। মেলায় দুই বাংলার পাঁচশতাধিক লেখক-পাঠক ও সম্পাদকদের আসর বসেছে। আজ সোমবার সকাল ১০টায় দুই দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। উদ্বোধন শেষে চিহ্নমেলা মুক্তবাঙলা-২২ এর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
দুই শতাধিক স্টল আর লেখক-পাঠক-সম্পাদকের সম্মিলনে উৎসবমুখর পরিবেশ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ কলাভবন চত্বর জুড়ে। মেলায় অংশ নিয়েছে ১৭০টি লিটলম্যাগ ও ১০৫টি পত্রিকা। ছোট কাগজের মধ্যে ভারতের ৭০টি ও ১০০টি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হয় বলে জানান চিহ্নের সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল।
মেলার উদ্বোধনকালে কবি নির্মুলেন্দু গুণ বলেন, এ মিলনমেলার নাম চিহ্ন দেয়াতে খুব ভালো লেগেছে। এ চিহ্ন আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সংগ্রামের চিহ্ন, আমাদের প্রতিবাদের চিহ্ন, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন। এ উৎসব আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করুক,অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির যোগান দিক এই প্রত্যাশা করছি।
মেলার সার্বিক বিষয়ে চিহ্ন পত্রিকার সম্পাদক ও চিহ্নপ্রধান অধ্যাপক শহীদ ইকবাল বলেন, মেলার মূল চেতনা হলো, বাংলা ভাষা, বাঙালী সংস্কৃতি, বিশেষ করে আমাদের স্বাধীন বাংলাদেশ।
মেলার দ্বিতীয় দিন শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি: ‘দ্বৈরথ ও দ্বন্দ্ব’ আড্ডার মাধ্যমে। বিকালে রাহেল রাজীবের সঞ্চালনায় থাকবে ‘গদ্য আখ্যান ও বাংলার গ্রামীণ জীবন’ নামে পর্ব। এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের লেখক ও লিটলম্যাগ সম্পাদক আলী প্রয়াসের সাহিত্য পত্রিকা তৃতীয় চোখ।










