যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে ১০টি উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং চারটি উড়োজাহাজ বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের। বিমানের পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার এসব উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে, যা গতকাল বণিক বার্তাকে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের সবুজ সংকেত পাওয়ার পর গত বছরের ২৪ নভেম্বর বোয়িং আনুষ্ঠানিকভাবে বিমান বিক্রি, অন্যান্য শর্তাবলি ও সেগুলো ডেলিভারির বিষয়ে বিস্তারিত প্রস্তাব পাঠায়। পরে গত ২০ ডিসেম্বর সংশোধিত খসড়া চুক্তি পাঠানো হলে তা বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রস্তাবিত মূল্য ও শর্তাবলি নিয়ে আলোচনা করে নীতিগতভাবে সম্মতি এবং আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে নেয়ার অনুমোদন দেয়া হয়।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, দরকষাকষির জন্য এখন বিমানের পক্ষ থেকে একটি কমিটি করা হবে। এ কমিটি প্রতিটি এয়ারক্রাফটের দাম ও অন্যান্য টেকনিক্যাল বিষয়ে বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। সব ধরনের সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থাপনা সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হবে। এরপর ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘বোয়িংয়ের প্রস্তাব অনুযায়ী ২০৩১ সালের নভেম্বরে উড়োজাহাজগুলোর প্রথম চালান বাংলাদেশে পৌঁছবে। আর সর্বশেষ উড়োজাহাজটি বিমানকে বুঝিয়ে দেয়া হবে ২০৩৫ সালের অক্টোবরে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিল বিমান। অনুমোদিত ১৪টি উড়োজাহাজের মধ্যে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স মডেলের। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মূলত দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তৈরি বড় আকারের (ওয়াইড বডি) উড়োজাহাজ। আর বোয়িং ৭৩৭-৮ হলো মাঝারি আকারের (ন্যারো বডি), যা সাধারণত আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটে ব্যবহার করা হয়।
নতুন উড়োজাহাজগুলো বিমানের পরিচালনা সক্ষমতা এবং রুট নেটওয়ার্ক বাড়াতে ভূমিকা রাখবে বলে জানান বিমানের কর্মকর্তারা। তাদের মতে, দেশের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যৎ যাত্রী চাহিদা বিবেচনায় রেখে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিমান যুক্ত হলে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক—উভয় খাতেই বিমানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স ও পাঁচটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন ১০টি ড্রিমলাইনার যুক্ত হওয়ার পর বিমানের বহরে এ মডেলের উড়োজাহাজের সংখ্যা বেড়ে হবে ১৬টি। আর ৭৩৭-৮০০ ম্যাক্স মডেলের উড়োজাহাজের সংখ্যা বেড়ে আটটিতে উন্নীত হবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ১০টি এয়ারবাস কেনার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক এড়াতে এয়ারবাসের পরিবর্তে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের পর ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও বাংলাদেশে তাদের তৎপরতা বাড়ায়। যদিও শেষ পর্যন্ত বোয়িংয়ের কাছ থেকেই উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিল বিমান।










