বাগেরহাটের শরণখোলার একটি শস্যক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ৬টার দিকে শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন কলাইক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে রাতে ওই মরদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, শনিবার বিকেলে উপজেলার রাজেশ্বর গ্রামের একটি কলাইক্ষেতে কয়েকজন শিশু খেলা করছিল। এসময় তারা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোরকা পরিহিত গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করি। মরদেহের পাশে পাজামা, ছাতা ও স্যান্ডেল পাওয়া গেছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরহাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে। আমরা তদন্ত কাজ শুরু করেছি। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










