বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শত্রুতা করে এক চাষীর করলা ও বেগুন গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুলকুড়ি গ্রামের কাজল কুমার।

কাজল কুমার গ্রামের মাঠে অন্যের এক বিঘা জমি বর্গা নেন। সেই জমিতে করলা ও বেগুন গাছ রোপণ করেন। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু রাতের বেলায় কে বা কারা এক বিঘা জমির সব গাছ উপড়ে ফেলে দেয়। সকালে সবজি চাষী কাজল জানতে পারেন, তার ক্ষেতের সব গাছ নষ্ট করে ফেলা হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাষী কাজল কুমার জানান, তিনি গরিব কৃষক। অন্যের এক বিঘা জমি বর্গা নিয়ে করলা ও বেগুন চাষ করেছিলেন। যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরেই রোপণকৃত গাছগুলো উপড়ে ফেলেছে কেউ। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 সবজি বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল। এখন মাথায় বাজ পড়ার অবস্থা।

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, কে বা কারা কৃষক কাজলের করলা ও বেগুন গাছ উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।