ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নয়টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

এসএম রাগীব সামাদ জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও একটি ফ্লাইট অবতরণ করানো হয় ব্যাংকক বিমানবন্দরে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়।

শীত মৌসুমে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে ঘন ঘন ফ্লাইট ডাইভার্ট হওয়ার পেছনে ঢাকার বিমানবন্দরে ক্যাটাগরি-২ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) না থাকাকে দায়ী করা হচ্ছে। আইএলএস হলো একটি নির্ভুল রানওয়ে অ্যাপ্রোচ সহায়ক ব্যবস্থা, যা রেডিও সিগন্যাল ও উচ্চ ক্ষমতার আলোক ব্যবস্থার মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও পাইলটদের অবতরণে দিকনির্দেশনা দেয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য বলছে, বিদ্যমান ক্যাটাগরি-১ আইএলএসকে চলতি বছরের মাঝামাঝিতে ক্যাটাগরি-২-এ উন্নীত করা হয়। তবে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের ধাক্কায় গত মাসে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তিটি ঠিকভাবে কাজ না করায় মূলত ঘন কুয়াশার মধ্যে উড়োজাহাজ অবতরণে বিঘ্ন

ঘটছে। কম দৃশ্যমানতার সময় ফ্লাইটগুলোকে প্রায়ই সিলেট, চট্টগ্রাম, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন বিমানবন্দরে পাঠাতে হয়।

এদিকে ঘন ঘন ফ্লাইট ডাইভার্ট হওয়ার কারণে সামগ্রিক ফ্লাইট সূচিতে বিলম্ব, যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে অতিরিক্ত জ্বালানি ও বিকল্প বিমানবন্দরে অবতরণ ও পার্কিং ফিসহ নানা খরচের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এয়ারলাইনসগুলোকে।

সাধারণত খালি চোখে রানওয়ের অবস্থান শনাক্ত করে বিমান অবতরণ করেন বৈমানিকরা। অবতরণের জন্য ন্যূনতম ৫০০ মিটার দৃষ্টিসীমা প্রয়োজন হয়। কুয়াশা বা বৈরী আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে এলে রানওয়ের অবস্থান শনাক্তের জন্য ব্যবহার করা হয় আইএলএস প্রযুক্তি। তবে শাহজালালে স্থাপিত আইএলএস-১ প্রযুক্তি কুয়াশা বা বৈরী আবহাওয়ার জন্য উপযুক্ত নয় বলে জানিয়েছেন আকাশ পরিবহন খাতসংশ্লিষ্টরা।