স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। করোনা নিয়ন্ত্রণ এমনিই হয়নি, করোনা নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্র দিয়েও হয়নি, এটা ম্যাজিক না, এটার পেছনে কাজ করতে হয়েছে। সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে সফলতা হবেই। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি।
গতকাল দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকার জন্য বসে না থেকে গত মে মাস থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা টিকা দেয়া শুরু করেছি, পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি। টিকা দেয়ার ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের ৬ নম্বর রয়েছে। বর্তমানে দেশে ১৭ কোটি লোকের মধ্যে মাত্র ১ হাজার ৩০০ লোক করোনায় আক্রান্ত রয়েছে। আমাদের দেশে সুস্থতার হার ৯০ ভাগ। টিকা নেয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা করোনাভাইরাস আরো নিয়ন্ত্রণ করতে পারব।
পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, একটি পৌরসভা হচ্ছে জেলা শহরের ড্রইংরুম। এই ড্রইংরুম সাজানো-গোছানো না থাকলে জেলার উন্নয়ন দৃশ্যমান হয় না। মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে হলে একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে। আগামীতে যত উন্নয়ন হবে তা মাস্টারপ্ল্যান অনুযায়ী হবে।
আগামীতে পৌর এলাকায় একটি মিনি স্টেডিয়াম, শিশুপার্ক, শহরের খাল সৌন্দর্যবন্ধন প্রকল্প গ্রহণের জন্য পৌর মেয়রকে অনুরোধ করেন।









