ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন ভবনে এ সভায় থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভার আলোচ্যসূচিতে রয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা, আচরণবিধি ২০২৫ প্রতিপালন, নির্বাচনি পরিবেশ বজায় রাখার সার্বিক প্রস্তুতির নানা দিক।
ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, এদিন তিন বাহিনীর প্রধানরা দুপুর ১২টায় সিইসির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। এ বৈঠকে অনুমোদিত ব্যক্তি ছাড়া কারো প্রবেশাধিকার থাকবে না। মূল সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকে ব্রিফ করবেন তিন বাহিনী প্রধান, আইজিপি ও অন্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।










