করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় শুক্রবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউন চলমান। অথচ কুড়িগ্রামে প্রশাসনের সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই স্থানীয়ভাবে ঈদ আনন্দোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

ঘটনাটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট সরদারটারী গ্রামে। শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভূরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়কের পাশে একটি বাড়ির উঠানে এ আনন্দোৎসবের আয়োজন করে স্থানীয়রা।

এ আয়োজন দেখতে আশপাশের কয়েকটি গ্রামের শতশত নারী-পুরুষ ও পথচারীরা ভিড় জমায়। জনসমাগমে গাদাগাদি করে দর্শকদের এসব আয়োজন উপভোগ করতে দেখা যায়। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। আয়োজনে রশি টানা, যুবকদের টায়ার টানা, চোখ বেঁধে হাড়িভাঙাসহ গ্রামীণ বেশ কয়েক প্রকার খেলা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ খেলা শেষে ঘটা করে কেদার ইউপি চেয়ারম্যান বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, আয়োজনটির বিষয়ে আগে থেকে জানতাম না এবং আমি অতিথিও ছিলাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেলাধুলাসহ সব আয়োজন বন্ধ করে দিই।