প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের চালু করা আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা অনুসরণের কথা ভাবছে নেপাল। এ বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে দেশটির নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল দুদিন ধরে নির্বাচন কমিশনে কার্যক্রম পর্যালোচনা করেছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে অভিজ্ঞতা বিনিময় শেষে নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা বলেন, বাংলাদেশের ওভারসিজ সিটিজেন ভোটিং (ওসিভি) ব্যবস্থা তাদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের এ উদ্যোগকে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

জাতীয় নির্বাচনে বাংলাদেশের এ পদ্ধতি অনুসরণ করা হবে কিনা জানতে চাইলে রাজীব সুব্বা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ তবে নেপালের প্রেক্ষাপটে কোন পদ্ধতি উপযুক্ত হবে, তা নিয়ে এখনো গবেষণা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারেরও সম্পৃক্ততা প্রয়োজন বলে উল্লেখ করেন নেপালের এ নির্বাচন কমিশনার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ ব্যবস্থার আওতায় দেশের বাইরে থাকা বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি দেশের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও কারাবন্দীদের ভোট দেয়ার সুযোগ রাখা হয়েছে।