দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থি।
বিবৃতিতে ক্র্যাব নেতারা বলেন, গণমাধ্যমকে টার্গেট করে হামলা চালানো খুবই দুঃখজনক ও মর্মান্তিক। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বর্তমান সরকারের সময় এমন ঘটনা ন্যক্কারজনক। ক্র্যাব মনে করে, ওসমান হাদী একজন দেশপ্রেমিক জুলাইযোদ্ধা ছিলেন। তার মৃত্যুকে পুঁজি করে যারা গণমাধ্যমের ওপর হামলা করেছে তারা হাদির অনুসারী হতে পারে না। কতিপয় মহল হাদির মৃত্যুকে ব্যবহার করে নিজেদের কদর্য চেহারা প্রকাশ করেছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।










