মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৬ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে এগিয়ে ছিল বাংলাদেশ, যারা প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়। তাতে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন জাগতে থাকে টাইগারদের। যদিও গতকাল তৃতীয় দিন গ্লেন ফিলিপস জমিয়ে দিলেন লড়াইটা। তার ৮৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৮ রানের লিড পায় অতিথিরা। টিম সাউদির দল ১৮০ রান তুলে অলআউট। পরে বাংলাদেশ ২ উইকেটে ৩৮ রান তুলে নেয়ায় ৩০ রানের লিড পেয়েছে। 

ঢাকা টেস্টের প্রথম দিন ৭৯ ওভারে দুই দলের ১৫ উইকেটের পতন ঘটে। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিন কোনো খেলাই হয়নি। গতকাল তৃতীয় দিন প্রথম সেশনে আলোকস্বল্পতায় খেলা শুরু করা সম্ভব হয়নি। অবশেষে দুপুর ১২টায় শুরু হয় খেলা। মেঘে ঢাকা আকাশের নিচে গতকাল মাত্র ৩২.৩ ওভারের খেলা মাঠে গড়াতে পেরেছে। এই সময় দুই দল মিলে হারায় ৭ উইকেট। এখন পর্যন্ত ১১১.৩ ওভারে দুই দলের ২২ উইকেটের পতন ঘটেছে। এতে কোনো দল পরিষ্কার ব্যবধানে এগিয়ে নেই। এখন পর্যন্ত লড়াইটা সমানে সমান বলাই যায়। এখান থেকে একে অন্যকে পেছনে ফেলার চ্যালেঞ্জ আজ।

গতকাল ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করে ড্যারিল মিচেল ও ফিলিপস বোর্ডে ৪০ রান যোগ করে বিচ্ছিন্ন হন। দ্রুত ২ উইকেট হারিয়ে বসে দলটি (৯৭/৭)। ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারকে টানা দুই ওভারে ফেরান স্পিনার নাঈম হাসান। অবশ্য এক প্রান্তে ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে ব্যাটিং করে যান ফিলিপস। তিনি মারমুখী ব্যাটিংয়ে হতাশ করতে থাকেন স্বাগতিক বোলারদের। ৭২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় করা ৮৭ রান দেখে কেউ কি বলবেন, এটি টেস্ট ব্যাটিং? 

ফিলিপসের এ ব্যাটিংয়ে ভর করেই বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৮ রানের লিড নিতে পেরেছে সফরকারীরা। তিনি মিচেলকে নিয়ে ৪৯, কাইল জেমিসনকে নিয়ে ৫৫ ও সাউদিকে নিয়ে ২৮ রানের পার্টনারশিপ গড়ে দলের সংগ্রহটা ১৮০ পর্যন্ত নিয়ে যান। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম তিনটি করে এবং নাঈম হাসান ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন। 

নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দেয়ার পর স্বাগতিকরাও দ্রুতই দুই উইকেট হারায়। প্রথম ওভারে স্পিনার এজাজ প্যাটেলের বলে স্লিপে মিচেলকে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। অষ্টম ওভারে পেসার সাউদির বলে মিড অফে কেন উইলিয়ামসনকে ক্যাচ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৮/২)। 

ওই ওভারের পরই আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে যায়। ওপেনার জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে অপরাজিত থেকে তৃতীয় দিন মাঠ ছাড়েন। গতকাল দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড দলের প্রতিনিধি ফিলিপস জানালেন, বাংলাদেশকে ২০০ রানের নিচে আউট করতে চান তারা। বাংলাদেশের লক্ষ্যও ২০০-২২০ রানের লিড নেয়া। নাঈম বলেন, ‘আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারব, আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশা আল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব।’