হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন আলুচাষী ও ব্যবসায়ীরা।
গতকাল দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে রংপুর-কুড়িগ্রাম সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কৃষক নেতা আকবর আলী, আলু ব্যবসায়ী সমিতির পরিচালক মোস্তফা মিয়া, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারী, কৃষক আন্দোলনের আহ্বায়ক আইয়ুব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মৌসুমে হিমাগারে আলুর বস্তা প্রতি ভাড়া ছিল ২৫০ টাকা।
কিন্তু এ বছর জেলার চারটি হিমাগারের মালিক ঐক্যবদ্ধভাবে ভাড়া বাড়িয়ে বস্তাপ্রতি ৩৩০ টাকা নির্ধারণ করেছেন।
অথচ রংপুর বিভাগের অন্যান্য জেলায় বস্তাপ্রতি ভাড়া নেয়া হয় ১৮০-২০০ টাকা পর্যন্ত।
এ ব্যাপারে হিমাগারের মালিকদের সঙ্গে যোগাযোগ করেও ভাড়া না কমানোয় আন্দোলন করতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা।
বক্তারা আরো বলেন, হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর ফলে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে বাজারে আলুর দামও বেড়ে যাবে।









