আন্তর্জাতিক নারী দিবসে দেশকে দারুণ এক উপহার দিল বাংলাদেশের কিশোরীরা। নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ গতকাল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভুটানকে হারাল ৬-০ গোলের বড় ব্যবধানে। টানা তিন জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠল কিশোরীরা। আগামীকাল বাংলাদেশ-ভারত ফাইনাল।
সাইফুল বারী টিটুর দল প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারানোর পর শক্তিশালী ভারতকে হারায় ৩-১ গোলে। ভারতের বিপক্ষে জয়টি বাংলাদেশকে সবার আগে তুলে নেয় ফাইনালে। ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে গতকাল তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানকে হেসেখেলে হারাল মেয়েরা। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি করেন জোড়া গোল। এছাড়া ফাতেমা আক্তার, ক্রানুচিং মারমা, সাথী মুন্ডা ও থুইনুয়ে মারমা একটি করে গোল করেন।
১৩ মিনিটে ডেডলক ভাঙেন প্রীতি। এরপর ৭৭ মিনিটে দলের শেষ গোলটিও করেন তিনি। মাঝে ৩২ মিনিটে ফাতেমা, ৩৫ মিনিটে ক্রানুচিং, ৪৭ মিনিটে সাথী ও ৬৯ মিনিটে থুইনুয়ে মারমা গোল করেন। প্রীতি এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে করলেন সর্বোচ্চ ৫ গোল। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচেও তিনি করেন জোড়া গোল। ৪ গোল আছে দুজনের—ভারতের আনুষ্কা কুমারী ও পার্ল ফার্নান্দেজ।
চলতি সাফে এখন পর্যন্ত ৬ ম্যাচে হয়েছে ৩২ গোল। ভুটানি কিশোরীরা তিন ম্যাচে হজম করে ১৬ গোল। বিপরীতে একটি গোলও প্রতিপক্ষের জালে দিতে পারেনি। একটি দল হিসেবে সর্বোচ্চ ১৮ গোল দিয়েছে ভারত। তারা ভুটানকে ৭-০ গোলে ও নেপালকে ১০-০ গোলে হারায়। বাংলাদেশের কাছে হেরেছে তারা ১-৩ গোলে।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেয় স্বাগতিক নেপাল, ভারত, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দল বাংলাদেশ ও ভারত উঠল ফাইনালে। বিদায় নিল স্বাগতিক নেপাল ও ভুটান।










