মানিকগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের চরখণ্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, সকাল ৮টার দিকে তারা মিয়া কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সেলফী পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরো জানান, বাসটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেছে। তবে দুর্ঘটনা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।










