নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ারা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন। গত ১৬ জানুয়ারি নগরের ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে দায়ের করা মামলায় আসামি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে সমন দিয়েছিলেন আদালত। আজকে (বৃহস্পতিবার) তারিখ ধার্য ছিল। আসামি ধার্য সময়ে আদালতে উপস্থিত না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

আচরণবিধি অনুসারে, কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কেউ নির্বাচন-পূর্ব সময়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে চাঁদা বা অনুদান দিতে বা দেয়ার অঙ্গীকার করতে পারবেন না।