বিএনপির গণসমাবেশের দিন ধর্মঘটের কবলে পড়েছে পুরো সিলেট বিভাগ। সিলেট জেলায় দুটি পরিবহন শ্রমিক সংগঠন সাংঘর্ষিক দাবি নিয়ে ডেকেছে ধর্মঘট। বাকি তিন জেলার মধ্যে হবিগঞ্জে অনির্দিষ্টকালের এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে শুক্রবার ও শনিবার দুদিন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

আজ শনিবার সিলেটে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যার ধর্মঘট শুরু হয়েছে। সকাল ৬টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গিয়েছে, বেলা ১১টায়ও নগরীর দোকানপাট খোলেনি। বিভিন্ন স্থানে মানুষজন দীর্ঘ সময় পরিবহনের জন্য অপেক্ষা করছেন। মাঝে মাঝে রিকশা চললেও সিএনজি অটোরিকশা খুবই কম। বিশেষ করে নগরীতে মিছিল-সমাবেশের কারণে রিকশা বা সিএনজি অটোরিকশা বের হলেও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

অপরদিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস। কুমারগাঁও বাসস্ট্যান্ডেও একই অবস্থা।

আখালিয়া মাহমুদাবাদ আবাসিক এলাকায় সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন জমিলা বেগম। মাকে নিয়ে সিলেট ওমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন তিনি।

জমিলা জানান, প্রায় আধাঘণ্টা থেকে অপেক্ষা করছেন গাড়ি পাচ্ছেন না। আরো কিছুক্ষণ বসে গাড়ি না পেলে বাসায় চলে যাবেন।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের কর্মচারী আবুল হোসেন। গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই তিনি গন্তব্যে যাত্রা শুরু করেন।

প্রথমে বুধবার ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন মালিক সমিতি। তারা তিনটি দাবিতে শনিবারের ধর্মঘটের ডাক দেন। পরদিন (বৃহস্পতিবার) জেলা গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নতুন করে চারটি দাবি তুলে শনিবারের ধর্মঘটের ডাক দেয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতি শুধু বাস ধর্মঘটের ডাক দিলেও জেলা গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে। ১৯টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল টিম মাঠে রয়েছে। তিনি বলেন, বরাবরের মতো সমাবেশকে ঘিরে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এ কর্মসূচি শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট এসে পৌঁছেছেন।