দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোজাহার হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা ১৭ জন যাত্রী।
শুক্রবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহার হোসেন বিরামপুর উপজেলার রানীনগর-তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক ও জনপদ (এলজিইডি) বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনাজপুর সদর উপজেলা থেকে ২০ জন যাত্রী পিকআপযোগে গাইবান্ধায় যাচ্ছিলেন একটি অটোরাইস মিলে কাজ করার জন্য। অপরদিকে মোজাহার হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থল পলাশবাড়ী থেকে নিজ বাড়ি বিরামপুরের যাচ্ছিলেন। যাত্রী বোঝাই পিকআপটি উপজেলার হিলির মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোজাহার হোসেন নিহত হন। এ ঘটনায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমাদের স্টেশন থেকে ৩০০ মিটার দূরে মহাসড়কে বিকট শব্দে আওয়াজ হয়। পরে আমরা সেখানে গিয়ে দেখি পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা প্রায় ১০-১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, আহত ১৭ জনের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকি ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।










