স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ছিলেন বলে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবার ও সহযোগীদের হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে ফেলতে। কিন্তু শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে।’ তিনি গতকাল সাতক্ষীরার নলতা এমআর কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে অন্তর দিয়ে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ মনে করে, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে। আজকে আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছি। দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। নারীরা সবখানে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।’
তিনি বলেন, ‘সরকার স্বাস্থ্যকে এগিয়ে নিতে হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সেবার ব্যবস্থা করেছে। বিগত দিনের তুলনায় দারিদ্র্য ৫ শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রীর দক্ষতা ও সততায় বিশ্বব্যাপী সুনাম কুড়াচ্ছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন তিনি। এজন্য মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন।’
তিনি আজ সারাবিশ্বের জননন্দিত নেতা। তিনি দরিদ্র দেশ থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন। মাথাপিছু আয় বেড়েছে। আমরা ২০৩০ সালে সবাইকে শিক্ষিত করব। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব। প্রধানমন্ত্রী যা বলেন, তা করে দেখান। তিনি কোনো কাজে ফেল করেননি।’
উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যে সাতক্ষীরা আমি ২০১৪ সালে এসে দেখেছিলাম, আজ সেই সাতক্ষীরা পরিবর্তন হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে দেশকে এগিয়ে নিন।’









