ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) বেলা আড়াইটার দিকে বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি দল আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার বোনের জামাই খলিলুর রহমানের বাড়িতে আসে। তারা স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।

মাসুকার শেষ ইচ্ছা অনুযায়ী তার বোনের সিদ্ধান্তে সোহাগপুরের বাড়ির পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশের এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করে ফ্লাইং করতে হচ্ছে।

তিনি আরো বলেন, যেকোনো সময় যেকোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লাইং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।