বাগেরহাটে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে গত ৯ মাসে ৫০টির বেশি অভিযানে ৫৩ লাখ ৩ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৩৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে আনসার ব্যাটালিয়ানের সদস্যরা। সবশেষ আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত ফায়ার স্টেশনের পশ্চিম পাশে দুই ব্যক্তিকে তামার তার কাটার সরঞ্জামাদি ও ছয় কেজি তামার তারসহ আটক করা হয়।
তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক চন্দন দেবনাথ বণিক বার্তাকে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে কয়লা সংকটে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে বহুল আলোচিত বাগেরহাটের রামপাল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে রিজার্ভ কয়লা দিয়ে উৎপাদন চালু রাখা হলেও রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় ও ডলার সংকটে নতুন কয়লা না আসায় গত শনিবার থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
তবে কবে নাগাদ উৎপাদন স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ।










